চট্টগ্রামে এক নারীকে পিটিয়ে হত্যা
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পুরাতন রেল স্টেশন এলাকার বস্তিতে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে তার কয়েক প্রতিবেশী।
রোববার দুপুরে ওই বস্তি থেকে খালেদা বেগমের (৪৫) লাশ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি থানার এসআই মহিবুল হক জানান।
এ ঘটনায় স্থানীয় চার বাসিন্দাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
আটকরা হলেন- ইয়াসমিন আক্তার, মিলনি বেগম, লাকী বেগম ও জামাল হোসেন।
এসআই মহিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাতে বস্তির কয়েক প্রতিবেশীর সঙ্গে খালেদা বেগমের ঝগড়া হয়। এর জের ধরে সকালে তারা খালেদাকে পিটিয়ে হত্যা করে।”
তিনি বলেন, খালেদা বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয়রা বলছে। এটা কতটা সত্যি তা খতিয়ে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
