২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি সীমান্তে ফেনসিডিলসহ ৪ চোরাকারবারী আটক

দিনাজপুরের হিলি সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, ওষুধ এবং শাড়ি ও কাপড় উদ্ধার করেছে বিজিবি। মাদক চোরাকারবারী সন্দেহে আটক করা হয়েছে চারজনকে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2014, 12:18 PM

Updated : 22 Aug 2022, 07:07 PM

বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোররাতে সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার ও আটক করা হয়।

আটকরা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার কাকড়াপালি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে গোলাম রব্বানী (৩০), নবাবগঞ্জের শালখুরিয়া পুরাহাট গ্রামের মৃত আকরাম উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব (৪২), মজিবর রহমানের ছেলে হাসান আলী (৩৬) ও আফজাল হোসেনের ছেলে মহিদুল ইসলাম (৩২)।

তিনি জানান, রাত ৩টার দিকে একদল চোরাকারবারী হিলি সীমান্তের ২৮৫/১৬ নম্বর সাব সীমানা পিলারের পাশ দিয়ে ফেনসিডিল নিয়ে ভারত থেকে বাংলাদেশের ভেতর ঢুকে। এ সময় বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা ধাওয়া করে সীমান্তের মুহাড়াপাড়ার মাঠ থেকে ৬৩০ বোতল ফেনসিডিলসহ চার মাদক চোরাকারবারীকে আটক করে।

আটকদের বিরুদ্ধে একটি মামলা করে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি কর্মকর্তা আরো জানান, এর আগে মধ্যরাতে হিলি চেকপোস্ট ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আরও প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-কাপড় ও নেশা জাতীয় ওষুধ উদ্ধার করে।

পরে এসব মালামাল হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।