২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন বিলের প্রতিবেদন রোববার

বিচারপতিদের সরানোর ক্ষমতা আইন প্রণেতাদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনের বিলের প্রতিবেদন রোববার সংসদে উপস্থাপন করা হবে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 10:13 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

সংসদ সচিবালয় থেকে প্রকাশিত রোববারের দিনের কার্যসূচি থেকে এই তথ্য জানা গেছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত এ প্রতিবেদন উপস্থাপন করবেন।

সংসদের চলতি তৃতীয় অধিবেশনেই বিলটি পাস হতে পারে বলে আইনমন্ত্রী আনিসুল হক এরই মধ্যে জানিয়েছেন।

সংবিধান সংশোধনের এই প্রস্তাব গত রোববার সংসদে উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য এক সপ্তাহ সময় দিয়ে তা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সংসদের বাইরে নানা আলোচনার মধ্যেই গত মঙ্গল ও বুধবার দুই দিন বিলটি পরীক্ষা করে সংসদীয় কমিটি।

বুধবার সংসদীয় কমিটির বৈঠক শেষে সুরঞ্জিত সাংবাদিকদের জানান, সংসদীয় কমিটির পরীক্ষায় বিলের প্রস্তাবনা বাদ দেয়া হচ্ছে।

যা ‘অপ্রয়োজনীয়’ বলে আগেও বলেছিলেন তিনি।

সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত কয়েক দিন আগে বলেছিলেন, বিলটি তার কমিটিতে এলে তিনি সুপ্রিম কোর্ট, বার কাউন্সিল এমনকি রাজনৈতিক দল হিসেবে বিএনপিরও মতামত নেবেন।

সে মতামত নেওয়ার বিষয়ে সোমবার এ ব্যাপারে আইনমন্ত্রীর মাধ্যমে সরকারের মতও জানতে চেয়েছিল সংসদীয় কমিটি।

তবে শেষ পর্যন্ত কারো মতামত না নিয়েই বিলটি চূড়ান্ত করেছে কমিটি। এ বিষয়ে সুরঞ্জিত বলেছিলেন, “আমরা ’৭২ এর সংবিধানে অনুচ্ছেদ ৯৬ হুবহু প্রতিস্থাপন করেছি। এখানে নতুন কিছু নেই। সে কারণে আলোচনার দরকার নেই। তবে নতুন আইন করার সময় সকলের মতামত নেওয়া হবে।”

উত্থাপিত বিলে কোনো বিচারপতির অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে ‘তদন্ত ও প্রমাণ’ আইন করে সংসদের নিয়ন্ত্রণ করার শর্ত রাখা হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক এরইমধ্যে জানিয়েছেন, সংবিধান সংশোধন প্রস্তাব পাস হওয়ার তিন মাসের মধ্যে সরকার এ সংক্রান্ত আইন প্রণয়ন করবে।

সংবিধান সংশোধনের এই উদ্যোগের বিরোধিতায় ড.কামাল হোসেনকে আহ্বায়ক করে আইনজীবীদের ‘সর্বদলীয় কমিটি’ গঠনও করা হয়েছে।

গত ৩১ অগাস্ট সংসদীয় দলের বৈঠকে সংবিধান সংশোধন বিলের বিরোধিতার সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টি। তবে জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউল হক মৃধা জানিয়েছেন, তার দল এ অবস্থান থেকে সরে এসেছে।

সংসদের বাইরে থাকা বিএনপি বলে আসছে, আওয়ামী লীগ বিচার বিভাগের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সংবিধান সংশোধনের এই উদ্যোগ নিয়েছে।

পুরনো খবর:

সংবিধান সংশোধন: কারো মত নেবে না সংসদীয় কমিটি
এত তড়িঘড়ি কেন- প্রশ্ন ড. কামালের
অপসারণও নয়, সংসদ কেবল অনুমোদন করবে: সুরঞ্জিত
সংবিধানের ষোড়শ সংশোধনের প্রস্তাব সংসদে