২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতালের নির্মাণ কাজ শুরু

চট্টগ্রামে ৩৫০ শয্যার অ্যাপোলো হাসপাতালের নির্মাণ কাজ শুরু করেছে বাংলাদেশে হাসপাতালটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসটিএস গ্রুপ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 09:35 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর অক্সিজেনে অনন্যা সিডিএ আবাসিক এলাকায় হাসপাতালের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম ও এসটিএস গ্রুপের চেয়ারম্যান বাগওয়ান (বব) কুন্দনমল।

অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, নগরবাসীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিডিএ অনন্যা আবাসিক এলাকায় অ্যাপোলা হাসপাতাল নির্মাণে সহযোগিতা করছে।

“এ হাসপাতাল চালু হলে চট্টগ্রামের মানুষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা ভারতে যেতে হবে না। এখানেই বিশ্বমানের সেবা পাবে।”

অনুষ্ঠানে এসটিএস গ্রুপের চেয়ারম্যান বব কুন্দনমল বলেন, আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই হাসপাতালের নির্মাণ কাজ শেষ করে চট্টগ্রামের মানুষকে আধুনিক চিকিৎসা সেবা দিতে পারব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ টিপু মুন্সি, এসটিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার মনির উদ্দিন, পরিচালক এম এ মঈন, সিডিএ’র বোর্ড সদস্য ইউনুস গণি প্রমুখ।

অ্যাপেলো হাসপাতালের চট্টগ্রাম কেন্দ্রের জ্যেষ্ঠ নির্বাহী রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন বছরের মধ্যে সাড়ে তিনশ’ শয্যার হাসপাতালটির নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, এ হাসপাতাল নির্মাণে প্রায় সাড়ে ৮০০ কোটি টাকা খরচ হবে।