সিরাজগঞ্জে মজুরি বৃদ্ধির দাবিতে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ
সিরাজগঞ্জ সদর উপজেলায় মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিড়ি শ্রমিকরা।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কান্দাপাড়া ও বনবাড়িয়ার পাঁচটি বিড়ি কারখানার শ্রমিকরা একযোগে এ কর্মসূচি পালন করে।
সমাবেশে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আকবর আলী, সহ-সভাপতি আব্দুল বারেক ও সহ-সাধারন সম্পাদক ইকবাল হোসেন বক্তব্য রাখেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, মজুরি বৃদ্ধি, ঈদ বোনাস ও নিয়োগ পত্র দানসহ পাঁচদফা দাবিতে সিরাজগঞ্জ বিড়ি শ্রমিক ইউনিয়নের ব্যানারে ৯ অগাস্ট থেকে আন্দোলন শুরু করে। আগামী ২০ সেপ্টেম্বর এ নিয়ে বৈঠকের আশ্বাস দেয় মালিকরা।
কিন্তু শনিবার সকালে সামাদ, কিসমত, সালাম, রতন ও মুকুট বিড়ি কারখানার মালিকরা একযোগে কারখানা বন্ধ করে দেয়। এর শ্রমিকরা ওই সব কারখানায় সমাবেত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।
কিসমত বিড়ি কারখানার মালিক আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ ও মেয়াদ উর্ত্তীণ শ্রমিক ইউনিয়নের নেতারা সাধারন শ্রমিকদের উস্কে দিয়েছে। এ আন্দোলনের ফলে সরকার রাজস্ব হারাচ্ছে, মালিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
“শনিবার সকাল থেকে শ্রমিকরা অর্ধেক বিড়ি উৎপাদনের ঘোষণা দিয়েছে। লোকসান কমাতে বাধ্য হয়ে আমরা কারখানা বন্ধ করে দিয়েছি।”
এব্যাপারে রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের যুগ্ম-পরিচালক ও ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রার আবু সাঈদ মু. আখতার হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি মীমাংসায় মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের সাথে বেশ কয়েকবার আলোচনা করেছি। সমাধানের চেষ্টা চলছে।”
