অধ্যাপক মোস্তফা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক ও সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় কানাডার টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তফা চৌধুরী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোস্তফা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, “খ্যাতিমান শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক মোস্তফা চৌধুরীর মৃত্যুতে দেশ এক নিবেদিতপ্রাণ ও গুণী সন্তানকে হারাল।”
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
৭০ বছর বয়সে প্রয়াত মোস্তফা চৌধুরী স্ত্রী নূরে আফজা চৌধুরী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। দেশে আসার পর ফেনীতে পৈত্রিক বাড়িতে দাফন সম্পন্ন হবে।
