২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভিসিকে প্রত্যাখ্যান বুয়েট শিক্ষকদের

নতুন উপাচার্য অধ্যাপক খালেদা একরামকে প্রত্যাখ্যান করে সিদ্ধান্ত বদলানোর জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছেন বুয়েটের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 08:19 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

উপাচার্য হিসেবে খালেদা একরামকে নিয়োগের দুদিন পর শনিবার শিক্ষক সমিতির সভায় এই সিদ্ধান্ত হয়।

বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ সভার পর শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সিদ্ধান্তে আমরা হতাশ ও ক্ষুব্ধ। রাষ্ট্রপতিকে আমরা অনুরোধ জানাচ্ছি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য।”

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে যাবেন কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “সামনে ভর্তি পরীক্ষা, আমরা তাই কোনো কর্মসূচিতে এখন যাচ্ছি না। আমরা আশা করব, আমাদের অনুরোধ বিবেচনা করা হবে।”

তা না হলে পরে শিক্ষকরা পুনরায় বৈঠক করে কর্মসূচি বা আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান অধ্যাপক জয়নাল।

সাধারণ সভায় উপস্থিত এক শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক সমিতির নেতা ও জ্যেষ্ঠ শিক্ষকরা এখনই কর্মসূচি দেওয়ার পক্ষে ছিলেন।

“তবে অন্য অনেকের মত ছিল- আমরা প্রথম উপাচার্য হিসেবে একজন নারীকে পেয়েছি, দেখি উনি কেমন চালান। এ কারণে কোনো কঠোর কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়নি।”

গত ৩১ আগস্ট উপাচার্য হিসেবে অধ্যাপক এস এম নজরুল ইসলামের মেয়াদ শেষ হলে গত বৃহস্পতিবার সে পদে রাষ্ট্রপতি নিয়োগ দেন স্থাপত্যবিদ্যা বিভাগের অধ্যাপক খালেদা একরামকে।

বাংলাদেশে প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান বুয়েটে খালেদাই প্রথম নারী উপাচার্য।

বুয়েট শিক্ষকদের অভিযোগ, এই নিয়োগে জ্যেষ্ঠতার লঙ্ঘন হয়েছে।

স্থাপত্যবিদ্যা বিভাগে খালেদা ইকরাম প্রভাষক হিসেবে নিয়োগ পান ১৯৭৫ সালের অক্টোবর মাসে। অধ্যাপক হন ১৯৯৫ সালের এপ্রিলে।

শিক্ষক সমিতির একাধিক নেতা জানান, জ্যেষ্ঠতার ভিত্তিতেই বুয়েটে উপাচার্য নিয়োগ করা হয়। কিন্তু অধ্যাপক খালেদা ইকরাম জ্যেষ্ঠতার ভিত্তিতে ২৬ নম্বরে রয়েছেন।

এদিকে সকাল সাড়ে ১০টায় বিদায়ী উপাচার্য অধ্যাপক এসএম নজরুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক খালেদা। এ সময় অধিকাংশ অনুষদের ডিন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বুয়েটের প্রথম নারী উপাচার্যকে অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।  

বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য অধ্যাপক ফারজানা। খালেদা একরাম এক্ষেত্রে দ্বিতীয়।

পুরনো খবর:

বুয়েটেও নারী উপাচার্য