নীলফামারীতে সেনা সদস্যর গলা ও হাত কাটা লাশ উদ্ধার
নীলফামারীর সৈয়দপুরে রেল লাইনের পাশ থেকে এক সেনা সদস্যর গলা ও হাত কাটা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মো.সাজু মিয়া জানান, শনিবার সকালে সৈয়দপুর-পার্বতীপুর রেলপথের বানিয়াপাড়ার ৩৩৫ নম্বর রেল সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত লুপুরাম রায় (২৬) নীলফামারী জেলা সদরের দারোয়ানী জয়চন্দ্রী গ্রামের ভূপতী কুমার রায়ের ছেলে। তিনি যশোর সেনানিবাসে ৩২ই বেঙ্গল ‘এ’ কোম্পানিতে সৈনিক পদে কর্মরত ছিলেন (আইডি নম্বর ই.বি-৬১৭০৭৯ এবং সেনা নম্বর ৪০৪৩৩২০)।
ওই সেনা সদস্যর পরিবারের বরাত দিয়ে ওসি মো.সাজু মিয়া আরো জানান, গত চার সেপ্টেম্বর ১০ দিনের ছুটিতে বাড়িতে আসেন লুপুরাম। ছুটি শেষে ১৩ সেপ্টেম্বর তার কর্মস্থলে যোগদানের কথা ছিল।
কর্মস্থলে যোগ দিতে শুক্রবার রাতে সৈয়দপুর থেকে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে কর্মস্থল যশোর সেনানিবাসে ফিরে যাওয়ার জন্য বিকাল ৫টায় বাড়ি থেকে বের হয় হন তিনি। সকালে রেল লাইনের পাশে তার গলা ও হাত কাটা লাশ পাওয়া যায়।
এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
