২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

পাবনার ঈশ্বরদী উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 06:25 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

নিহত সাবিনা ইয়াসমিন (২২) ঈশ্বরদী পৌরসভা এলাকার শৈলপাড়ার রায়হান আলীর (২৫) স্ত্রী।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তাদের নিজবাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহতের বাবা সাইদ প্রামাণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার বছর আগে সাবিনার সঙ্গে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার ওপর নানাভাবে নির্যাতন চালাতো রায়হান।

“শুক্রবার সকালে রায়হান সাবিনার কাছে ২০ হাজার টাকা দাবি করে। এতে রাজি না হওয়ায় সে সাবিনাকে শ্বাসরোধ করে হত্যা করে।”

ওসি বিমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে রায়হানের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা- তা ময়নাতদন্তের পর জানা যাবে।”

ঘটনার পর থেকে নিহতের স্বামী রায়হান পলাতক রয়েছেন বলে জানান তিনি।