গ্যাস সংকটে চাঁদপুরে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ
গ্যাসের সরবরাহ না থাকায় চাঁদপুরের ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি পাঁচদিন ধরে বন্ধ রয়েছে।
চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম জানান, গত ৭ সেপ্টেম্বর এই বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড। এরপর এই কেন্দ্র থেকে একেবারেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। এতে চাঁদপুরে লোডশেডিং অসহনীয় আকার ধারণ করেছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের কর্ণফুলী সার কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে চাঁদপুরে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস। এই অবস্থা কতদিন চলবে তা জানানো হয়নি।
২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক হাজার ২শ’ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে চায়না চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। ২০১২ সালের জানুয়ারি মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায় কেন্দ্রটি।
১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও গ্যাসনির্ভর এই বিদ্যুৎ কেন্দ্রটি নিয়মিতভাবে ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছিল। বাখরাবাদ গ্যাস কোম্পানি কুমিল্লার ভেতর দিয়ে এই কেন্দ্রে গ্যাস সরবরাহ করে আসছিল। গত ৭ সেপ্টেম্বর হঠাৎ করেই সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
