মংলায় ক্লিঙ্কারবাহী কার্গো ডুবি, নৌ চলাচল বন্ধ
অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বাগেরহাটের মংলা বন্দরের পশুর চ্যানেলে সিমেন্টের কাঁচামাল (ক্লিংকার) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
শুক্রবার সকাল ১০টার দিকে বন্দর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে হারবারিয়া দুই নম্বর বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
কার্গো ডুবির পর থেকে ওই এলাকায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে বলে মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার খান মোহম্মদ আকতারুজ্জামান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কার্গো জাহাজ এমভি হাজেরা-১ সকালে পশুর চ্যানেলের হারবারিয়ায় চীনা পতাকাবাহী জাহাজ এমভি তাইহোয়া থেকে ক্লিঙ্কার বোঝাই করে। এরপর সেটি খুলনার রূপসা এলাকায় সুংসিন গ্রুপের সেভেন সার্কেল সিমেন্ট কারখানার উদ্দেশ্যে যাত্রা করার সময় সামনে নোঙর করা পানামার পতাকাবাহী জাহাজ এমভি সিনোগ্রেসের সঙ্গে ধাক্কা খায়। এতে ক্লিঙ্কারবাহী জাহাজটি ডুবে যায়।
ওই কার্গোর আট নাবিক পানিতে পড়ে যান। পরে তারা সাঁতরে তীরে উঠে আসেন।
ডুবে যাওয়া জাহাজটি শনাক্ত করতে নৌবাহিনীর একটি দল দুপুর থেকে ওই এলাকায় কাজ করছেন।
আকতারুজ্জামান বলেন, বন্দরের মূল চ্যানেলে কার্গোটি ডুবে যাওয়ায় ওই চ্যানেল দিয়ে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। কার্গোটি সনাক্ত হলে আবার জাহাজ চলাচল স্বাভাবিক হবে।
