এমভি বাঙালির ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ ২
রাষ্ট্রীয় নৌ পরিবহন সংস্থা বিআইডব্লিউটিসি’র যাত্রীবাহী জাহাজ এমভি বাঙ্গালির ধাক্কায় একটি জেলে নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন অপর এক জেলে।
শুক্রবার ভোর রাত সাড়ে ৫টার দিকে বরিশালের কীর্তনখোলা নদীর লামছড়ি কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত জেলে কালাম মিয়াকে (২৬) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিখোঁজরা হলেন- লামছড়ি কদমতলা এলাকার বাসিন্দা তৈয়ব আলীর ছেলে আল-আমিন হোসেন (২৫) ও বাদশা চাপরাশীর ছেলে সাইদুল ইসলাম (১৮)।
নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চলছে।
বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা ‘এমভি বাঙালি’ জাহাজটি নৌকাটিকে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই নৌকাটি ডুবে যায়। এ সময় কালাম সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা ডুবে যায়।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়ভাবে নদীতে তল্লাশির কাজ চলছে।
বরিশাল দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
