২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অটিস্টিক কল্যাণে রাজনৈতিক সদিচ্ছা থাকা উচিত’

অটিস্টিকদের কল্যাণে ‘রাজনৈতিক সদিচ্ছার’ ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 12:41 AM

Updated : 22 Aug 2022, 07:06 PM

অটিস্টিক বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বলেছেন, অটিস্টিকদের কল্যাণে প্রতিটি সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকা উচিত।

দাতব্য সংস্থা এডমন্ড দি রথচাইল্ড ফাউন্ডেশনের জুলিয়েন পিটন-এর নেতৃত্বে অটিজম বিশেষজ্ঞদের দশ সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে জানান।

বিশেষজ্ঞদের অটিজম সম্পর্কে যে ধারণা রয়েছে- তা পরিবর্তন হওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শামীম চৌধুরী বলেন, “অটিজমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে, এই অঞ্চলে অটিজমকে অভিশাপ হিসাবে দেখা হয়। এই ধারণার পরিবর্তন হওয়া উচিত।”

সাক্ষাতে অটিস্টিকদের কল্যাণে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের প্রশংসা করে অটিজম বিশেষজ্ঞরা বলেন, শেখ হাসিনার উপস্থিতি ডব্লিউএইচও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম বৈঠক এবং আঞ্চলিক কমিটির ৬৭তম সেশন সফল করেছে।

গত সোমবার প্রধানমন্ত্রী ডব্লিউএইচও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম বৈঠক এবং আঞ্চলিক কমিটির ৬৭তম সেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ও আঞ্চলিক কমিটি সভার অটিজম বিষয়ক এক বৈঠকে শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অটিস্টিক শিশুদের কল্যাণে নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততা অন্যান্য দেশগুলোর জন্য অনুকরণীয় বলেও প্রতিনিধিদলের সদস্যরা উল্লেখ করেন।

শামীম চৌধুরী বলেন, “প্রতিনিধিদলের সদস্যরা আশ্বস্ত যে, প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা ভবিষ্যতেও অটিস্টিকদের কল্যাণ নিশ্চিত করবে।”

প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড অন্যান্য দেশেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন অটিজম বিশেষজ্ঞরা।