২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের উপজেলাভিত্তিক তালিকা করার উদ্যোগ

অভিযোগ পেলে জেলা ও উপজেলা পর্যায়েও চিহ্নিত রাজাকার, আলবদর, আল-শামসসহ মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচারের আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 10:41 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে নুরজাহান বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ভবিষ্যতে রাজাকার, আলবদর ও মানবতাবিরোধীদের উপজেলাভিত্তিক তালিকা করার বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়ার সম্ভাবনা রয়েছে।”

যুদ্ধাপরাধীদের বিচারের বিষয় তুলে ধরে মোজাম্মেল বলেন, কয়েকজন যুদ্ধাপরাধীর রায় কার্যকর করা হয়েছে। বেশ কয়েকজনের বিচার চূড়ান্ত পর্যায়ে এবং অন্যদের বিচার এগিয়ে চলছে।

২০০৮ সালে নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে শুরু হয় একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচার।

দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার বছরের বেশি সময় ধরে চলা বিচারে এ পর্যন্ত শুধু মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামী নেতা আবদুল কাদের মোল্লার সাজা কার্যকর হয়েছে।

আজীবন কারাদণ্ডাদেশ পাওয়া আবদুল আলীম সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া যুদ্ধাপরাধীদের মধ্যে রয়েছে- জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, আবুল কালাম আযাদ, মুহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, যুক্তরাজ্যপ্রবাসী আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন, যুক্তরাষ্ট্রপ্রবাসী আশরাফুজ্জামান চৌধুরী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।

এছাড়া বয়সের কারণে ৯০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে।    

এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সরেজমিন তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ১৮২ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

সব সনদ যাচাই-বাছাই করে আগামী ২৬ মার্চের আগে সব মুক্তিযোদ্ধার হাতে চূড়ান্ত সনদ তুলে দেয়া হবে বলে জানান মন্ত্রী।

দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৫৯৬ জন বলে উল্লেখ করেন তিনি।

অন্য এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হবে।

মন্ত্রী জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অনুকূলে ৫৫ দশমিক ৭২ একর জমি এবং ১৭টি প্রতিষ্ঠান আছে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদেশে ভাতাপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সংখ্যা ৫ হাজার ৩৫৭ জন।

ভুয়া মুক্তিযোদ্ধাদের দেওয়া সরকারের অনুদান ফেরতে আলাদা করে কোনো মামলা করা হবে না বলে অন্য এক প্রশ্নের জবাবে সংসদে জানান মন্ত্রী।

পাঁচ সচিবের ভুয়া সনদ

অবৈধ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা সনদ নেয়া চার সচিব ও এক যুগ্ম-সচিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুদকের সুপারিশ যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মোজাম্মেল হক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন কে কোন পদে আছেন এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। দুদকের সুপারিশ পেয়ে তা পরীক্ষা-নিরীক্ষা করছি।

“সংসদকে এবং জাতিকে আশ্বস্ত করতে চাই পদমর্যাদা যাই হোক না কেন যদি তারা ভূল তথ্য দিয়ে সনদ নিয়ে থাকেন তবে তা বাতিল করা হবে।”

স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিয়া, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান (বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান) অবৈধ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন বলে প্রমাণ পেয়েছে দুদক।

এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি) এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদারও একই প্রক্রিয়ার মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন বলে দুদকের তদন্তে প্রমাণ মিলেছে।

এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে ‍সুপারিশ করেছে দুদক।