ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের দাবিতে সমাবেশ
১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভেতরে ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়, যাতে বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ১১১টি ছিটমহলের প্রতিনিধিরা অংশ নেয়।
কমিটির ভারত ইউনিটের সহ-সাধারণ সম্পাদক দীপ্তিমান সেন গুপ্ত বলেন, শুধু ভারত সরকার চাইলেই ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর করা সম্ভব। কারণ, বাংলাদেশ সরকার এ সংক্রান্ত বিল আগেই সংসদে পাশ করেছে।
অবহেলিত ছিটমহলের অধিবাসীদের দুঃখ-দুদর্শার কথা বিবেচনা করে অবিলম্বে চুক্তি বাস্তবায়নের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
চুক্তি বাস্তবায়নে ভারত সরকার ব্যর্থ হলে লাগাতার আন্দোলনের হুমকিও দেয়া হয় সমাবেশে।
কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, অধ্যক্ষ শাহাদৎ হোসেন, পঞ্চগড় জেলা সমন্বয় কমিটির সভাপতি মফিজার রহমান, লালমনিরহাট জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, নীলফামারী জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক রাব্বুল আলম ও দাসিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন।
