লালবাগে মাদ্রাসার টয়লেটে ছাত্রীর লাশ
রাজধানীর লালবাগে একটি মাদ্রাসার টয়লেটে থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
লালবাগ থানার উপ-পরিদর্শক উদয় কুমার জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লালবাগের হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রী সুমাইয়া আক্তারের (১২) লাশ উদ্ধার করা হয়।
সুমাইয়া মাদ্রাসার ‘নাজেরা বিভাগে’ পড়ত বলে জানান তিনি।
“বেলা ১২টার দিকে টয়লেটে সুমাইয়াকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখে পুলিশকে জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ,” বলেন উদয় কুমার।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
লালবাগ থানার এসআই আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুমাইয়ার উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, যা কাপড় রাখার স্ট্যান্ডের প্রায় কাছাকাছি।
“কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ছিল, পা মাটিতে লেগেছিল। এছাড়া তার হাঁটুও ভাঁজ করা ছিল। এসব দেখে সন্দেহ হওয়ায় আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।”
ঘটনার আলামত হত্যার কাছাকাছি বলে মন্তব্য করেন তিনি।
সুমাইয়ার বাবার মোবারক হোসেন এলিফেন্ট রোডের মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টারে থাকলেও সে মাদ্রাসার ছাত্রীনিবাসে থাকত।
