সরঞ্জাম পেয়েও হচ্ছে না মাল্টিমিডিয়া ক্লাস
সিরাজগঞ্জ বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এখনো হচ্ছে না মাল্টিমিডিয়া ক্লাস।
সিরাজগঞ্জ সদরসহ জেলার ৯টি উপজেলায় ৪৫১টি শিক্ষা প্রতিষ্ঠানকে একসেস টু ইনফরমেশন (এটুআই) এ প্রকল্পের আওতায় শিক্ষকদের প্রশিক্ষণ এবং তাদের প্রতিষ্ঠানকে একটি করে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট মডেমসহ প্রয়োজনীয় উপকরণ তিন ধাপে সরবরাহ করা হয়।
সম্প্রতি এ প্রকল্পের তালিকাভুক্ত পাইকপাড়া মডেল হাই স্কুল, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়, হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়, সীমান্ত বাজার মহিলা ডিগ্রী কলেজ, ফুলকোচা কলেজসহ অন্তত ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান সরেজমিনে ঘুরে যায়, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটিতে এখনো শুরু হয়নি মাল্টিমিডিয়া ক্লাস।
সদর উপজেলার পাইকপাড়া মডেল হাই স্কুলের রোমানা, সীমাসহ সপ্তম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানান, একদিনও মাল্টিমিডিয়ার ক্লাস হয়নি। ‘প্রধান শিক্ষক নিজের বাড়িতে ল্যাপটপ রেখে দিয়েছেন। ’
এ অভিযোগ অস্বীকার করে কম্পিউটার শিক্ষক আশরাফ আলী বলেন, স্কুল চলার সময় দাপ্তরিক কাজ করা যায় না। তাই স্কুল সময়ের পরে করতাম।
সীমান্ত বাজার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে.এম আতাউর রহমান বলেন, একজন কম্পিউটার শিক্ষক প্রশিক্ষণ নিয়েছে এবং প্রকল্পের সব উপকরণ পেয়েছি। কম্পিউটার শিক্ষক দু-একদিন ক্লাসও নিয়েছেন।
“পৃথক মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকায় ও প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার শিক্ষক স্বল্পতার কারণে নিয়মিত ডিজিটাল ক্লাসরুম কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
কম্পিউটার শিক্ষক আলমগীর হোসেন বলেন, কয়েক দিন মাল্টিমিডিয়ার ক্লাস নিয়েছি। কিন্তু নির্দিষ্ট কক্ষ ও বিদ্যুৎ না থাকায় নিয়মিত ক্লাস নেয়া হচ্ছে না।
বিষষটি নিয়ে জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, ১৮ অগাস্ট মাল্টিমিডিয়া উপহরণ ব্যবহার ও ক্লাস নিয়ে জেলা পর্যায়ে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাল্টিমিডিয়া ক্লাস শুরু না হওয়া নিয়ে বিভিন্ন বিষয় উঠে এসেছে।
তাই প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের সহায়তায় শ্রেণিভিত্তিক কনটেন্ট তৈরি করাসহ নানা নির্দেশনা দেয়া হয়েছে।
এসব নির্দেশনা বাস্তবায়নে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিকুল ইসলামকে প্রধান করে মনিটরিং কমিটি করা হয়েছে। পাশাপাশি সব উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারকে অনুরূপ কমিটি করতে বলা হয়েছে।
