২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার প্রতিবাদে চবি শিক্ষকদের কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকবাহী বাসে বোমা হামলার প্রতিবাদে চার দিন এক ঘণ্টা করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 06:07 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

বৃহস্পতিবার দুপুরে সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংগঠনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগামী ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করবেন।”

এছাড়া হামলার প্রতিবাদে ১৭ সেপ্টেম্বর শিক্ষক সমাবেশ করারও সিদ্ধান্ত হয় বলে মুস্তাফিজুর রহমান জানান।

“১৬ সেপ্টেম্বরের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা না হলে সমাবেশ থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে।”

বুধবার সকালে হাটহাজারীর ছড়ারকুল এলাকায় শিক্ষকদের বহনকারী দুটি বাসে হাতবোমা ছোড়ে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।

ওই হামলায় ১১ শিক্ষকসহ ১৪ জন আহত হন।

হামলার পর ক্যাম্পাসসংলগ্ন বিভিন্ন মেসে অভিযান চালিয়ে নয়টি ককটেল, রাম দা, কিরিচ ও বিভিন্ন ধরনের জিহাদী বই উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ২৫ জনকে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ দুটি মামলা করেছে, যাতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ ৯৫ জনকে আসামি করা হয়েছে। 

পুরনো খবর:

শিক্ষকবাসে হামলা: মামলার পর চবির তদন্ত কমিটি
চবিতে শিক্ষক বাসে বোমা হামলার প্রতিবাদ ঢাবিতে