২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকবাসে হামলা: মামলার পর চবির তদন্ত কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে বোমা হামলার ঘটনায় মামলার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 09:39 PM

Updated : 25 Apr 2022, 04:40 PM

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. খান তৌহিদ ওসমানকে আহ্বায়ক করে এই কমিটি গঠিত হয়।

কমিটিতে সদস্য সচিব হিসেবে সহকারী প্রক্টর এম মোরশেদুল হক ও সদস্য হিসেবে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক তৌহিদ হোসেন রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ এই তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।”

বুধবার সকালে হাটহাজারীর ছড়ারকুল এলাকায় শিক্ষকদের বহনকারী দুটি বাসে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ছোড়া হাতবোমায় ১১ শিক্ষকসহ ১৪ জন আহত হন।

হামলার পর ক্যাম্পাসসংলগ্ন বিভিন্ন মেসে অভিযান চালিয়ে নয়টি ককটেল, রাম দা, কিরিচ ও বিভিন্ন ধরনের জিহাদি বই উদ্ধার এবং ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

এঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ বাদি হয়ে রাতেই দুটি মামলা করে, যাতে শিবিরের নেতাকর্মীসহ ৯৫ জনকে আসামি করা হয়েছে।

এদিকে শিক্ষকবাহী বাসে হামলার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে চবি শিক্ষক সমিতি।

‍হামলায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিতে শিক্ষকরা আগামী ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতি ও ১৭ সেপ্টেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছেন।

হামলার নিন্দা জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।