২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, আটক ২

ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলা থেকে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 04:29 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

কাঁঠালিয়া থানার পরিদর্শক মনির উল গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে উত্তর চেচরীরামপুর গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সজিব হাওলাদার (১২) উপজেলার উত্তর চেচরীরামপুর গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রব হাওলাদারে ছেলে এবং চেচরীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের সিকান্দার হোসেন (৫০) ও তার ছেলে নাসির হোসেনকে (২২) আটক করা হয়েছে।

নিহতের বাবাকে উদ্ধৃত করে পুলিশ কর্মকর্তা মনির বলেন, বুধবার বিকালে নাসির টিয়া পাখি দেখানোর কথা বলে সজিবকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফিরেনি সে।

“সুরতহাল প্রতিবেদন তৈরির সময় সজিবের গলায় ফাঁস লাগানোর চিহ্ন এবং নাক-মুখে রক্তের দাগ পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ খালে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আটক বাবা ও ছেলেকে আসামি করে একটি হত্যা মামলা করা হবে বলে জানান তিনি।