মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
মাগুরার শ্রীপুর উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে বাচ্চু (৩৫), জসিম (২৫), লুৎফর (৫০), বাবু মন্ডল (৪০), উজির (৪৫) ও ইউসুফ খলিফাকে (৪৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সাইফুল ইসলাম বলেন, হোগলডাঙ্গা গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক ও একই গ্রামের মিজানুর রহমানের মধ্যে গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। বুধবার রাতে মালেক পক্ষের লোকজন মিজান পক্ষের এক সমর্থককে পিটিয়ে আহত করে। এর জেরে সকাল ১০টার দিকে উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওসি শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
