২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ থেকে মেঘনার তেল চুরি, আটক ২০

চট্টগ্রাম থেকে খুলনা নেয়ার পথে জাহাজ থেকে রাষ্ট্রায়ত্ত্ব মেঘনা পেট্রোলিয়ামের তেল চুরির অভিযোগে ২০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 01:07 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট ইফতেখার হোসেন জানান, বুধবার রাতে পিরোজপুরের কচা নদীর কাউখালী লঞ্চঘাট চ্যানেলে এমটি রাশেদ এন্টারপ্রাইজের জাহাজ থেকে তাদের আটক করা হয়।

তেল বহনকারী জাহাজটিসহ চুরি ও পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রলার ও ৩৫টি ড্রাম আটক করে বরিশালের কীর্তনখোলা নদীতে নিয়ে এসেছে কোস্ট গার্ড।

ইফতেখার হোসেন বলেন, আটকদের মধ্যে তেল চোরাই চক্রের চার সদস্য রয়েছে। বাকি ১৬ জন জাহাজের কর্মী। তেলচোর চক্রের সঙ্গে যোগসাজশ রয়েছে সন্দেহে তাদের আটক করা হয়।

তার বক্তব্য অনুযায়ী, চোরাই চক্রের সদস্যরা হলেন- কাউখালী কচুয়াকাঠি গ্রামের আনছার উদ্দিন ও মো. জাহাঙ্গীর, দাসেরকাঠি গ্রামের আ. সালাম ও কুমিয়ান গ্রামের মো. ফারুক।

আর জাহাজের আটক কর্মীরা হলেন- শহীদুল ইসলাম, মো. শফি, মো. রাজু, মো. মহসীন, নূরে আলম, জিয়াউর রহমান, মো. সাঈদ, আ. সামাদ, সেকান্দার ভূইয়া, দিদারুল ইসলাম, মো. শাহীন, মো. নাসিরউদ্দিন, মো. সুমন, মো. ফারুক, মো. শাহীদুজ্জামান ও মাসুদুর রহমান।

লেফটেন্যান্ট ইফতেখার জানান, কাউখালীর ওই চ্যানেল থেকে তেল পাচার হওয়ার তথ্য থাকায় নজরদারি জোরদার করে কোস্ট গার্ড।

“এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় কাউখালী চ্যানেলে অবস্থান নেয় কোস্ট গার্ডের একটি দল। জাহাজ থেকে তেল চুরি করে ট্রলারে নেয়া শুরু হলে তাদের হাতেনাতে আটক করা হয়।”

তিনি জানান, চট্টগ্রাম থেকে খুলনাগামী এমটি রাশেদ এন্টারপ্রাইজের জাহাজটিতে ১৬ লাখ ৭৩ হাজার লিটার ডিজেল ছিল। চোরেরা ২৩০ লিটার ধারণক্ষমতার ৩৫টি ড্রামের মাধ্যমে ৮ হাজার ৫০ লিটার তেল সরিয়ে ফেলতে চেয়েছিল। এর মধ্যে ১৭টি ড্রামে তেল ভরতেও সক্ষম হয় তারা।

আটকদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানায় মামলা করা হবে বলে লেফটেন্যান্ট ইফতেখার জানান।

কোতোয়ালি থানার এসআই এআর মুকুল জানান, কোস্ট গার্ড তাদের কাছে একটি এজাহার দিয়েছে। সে অনুযায়ী মামলা হবে।