নড়াইলে শিশু সাংবাদিক উৎসব শেষ
নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে শিশু সাংবাদিক উৎসব শেষ হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাইট ‘হ্যালো’ এই উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার এস এ মতিন।
নড়াইল প্রেসক্লাব সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সমন্বয়ক নাহার মাওলা, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের প্রধান শাহানার বেগম, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান ও নড়াইল জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক হেফজুর রহমান খুশবু।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিকালে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
গত ৫ সেপ্টেম্বর সাংবাদিক বাছাই পরীক্ষায় ১৩৭ জন শিশু অংশগ্রহণ করে। তাদের মধ্যে উত্তীর্ণদের থেকে ৮ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষায় মাধ্যমে ২৪ জন শিশু সাংবাদিক বাছাই করা হয়। ৯ সেপ্টেম্বর তাদের জন্য দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ আয়োজনে সঙ্গী ছিল গ্রামীণফোন।
