২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিচ্ছে মোদি সরকার

প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রসঙ্গ এলে বাংলাদেশকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নেরেন্দ্র মোদির নেতৃত্বে গঠিত ভারতের নতুন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়াদিল্লি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 10:04 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

নয়াদিল্লিতে বুধবার ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী নির্মলা সীতারামন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন।

তিনি বলেন, “প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নকে আমাদের প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং আমরা যখনই বাংলাদেশের কোনো বিষয়ে কথা বলি, তখনই তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়।”

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর আসন্ন ভারত সফরের আগে ভারতের বাণিজ্যমন্ত্রীর এই মন্তব্যকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

যোগাযোগ, ট্রানজিট, বাণিজ্যসহ দ্বিপক্ষীয় বিভিন্ন  গুরুত্বপূর্ণ ইস্যূতে আলোচনার জন্য ১৮ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে ১৮ সেপ্টেম্বর ভারত সফরে আসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে ভারতীয় মন্ত্রী সীতারামন বলেন, “এক কাপ কফি পানের মধ্যে দিয়েই সম্পর্ক গড়ে ওঠে না। এরজন্য সঠিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন। দুই দেশই অভিন্ন কিছু স্বার্থে জড়িত।”

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মাহমুদ আলী নয়াদিল্লি সফরের সময় দুই দেশের মধ্যে নিয়মিত জাহাজ চলাচলের বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া ঝুলে থাকা তিস্তা নদীর পানি বন্টন ও স্থল সীমান্ত চুক্তির বিষয়েও আলোচনা হতে পারে।