২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আত্মসাতের মামলায় চেয়ারম্যান ও খাদ্য কর্মকর্তা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 06:05 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বুধবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায় তেঁতুলিয়া থানায় এই মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান কামু ও ভজনপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) রুবেল আলম।

মামলার এজাহারে বলা হয়েছে, বুড়াবুড়ি ইউনিয়নে দুইশ’ ভিজিডি কার্ডধারী দুঃস্থদের প্রতিমাসে ৩০ কেজি করে চাল বা গম দেয়ার সরকারিভাবে নির্দেশনা রয়েছে। কিন্তু চেয়ারম্যান কামরুজ্জামান কামু ও ভজনপুর খাদ্য গুদামের ওসি এলএসডি রুবেল আলম যোগসাজশ করে ২ দশমিক ৩ মেট্রিক টন চাল আত্মসাত করেছেন।

গত ১৯ মাস ধরে ভিজিডি কার্ডধারীদের ৩০ কেজির স্থলে ২১/২২ কেজি চাল বিতরণ করে অবশিষ্ট চাল ইউপি চেয়ারম্যান ও ওসিএলএসডি আত্মসাত করে আসছেন বলে ইউপি সদস্যরা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছিলেন।

করুণা কান্ত রায় বলেন, প্রশাসনের গঠিত কমিটির তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় জেলা প্রশাসকের পরামর্শ ও নির্দেশনায় মামলা দায়ের করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি এ জেড আসাদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।