নিজাম হাজারীর অস্ত্র মামলা: দুই আইনজীবীকে তলব
অস্ত্র মামলায় ফেনী সদরের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ‘দণ্ড চলাকালে’ ২০০৬ সালে জামিন দেয়ার ঘটনায় সংশ্লিষ্ট দুই আইনজীবীকে তলব করেছে হাই কোর্ট।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
দুই আইনজীবী হলেন- নিজাম উদ্দিন হাজারীর আইনজীবী এম এ বাশার ও তৎকালীন সহকারী অ্যাটর্নি জেনারেল একেএম মহিউদ্দিন চৌধুরী।
আগামী ১৯ অক্টোবর তাদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।
একইসঙ্গে সংশ্লিষ্ট মামলার নথি ১৯ অক্টোবরের মধ্যে আদালতে দাখিল করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেয়া হয়েছে। আর কারাগারের মহাপরিদর্শককে ওই তারিখের মধ্যেই চট্টগ্রাম কারাগারের কয়েদিদের একটি তালিকা জমা দিতে হবে।
গত ১৬ জুলাই হাই কোর্টে উপ-কারা মহাপরিদর্শক ও চট্টগ্রামের জেল সুপারের দেয়া তথ্যে দেখা যায়, ২০০৬ সালের ২৭ মে হাই কোর্টের তৎকালীন বিচারপতি এসকে সিনহা ও বিচারপতি জোবায়ের আহমেদ চৌধুরীর দেয়া জামিনে একই বছরের ১ জুন মুক্তি পান নিজাম হাজারী।
চাকু পাওয়ার একটি মামলায় দেয়া শাস্তির বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করে তাকে ওই জামিন দেয়া হয় বলে আদেশে উল্লেখ রয়েছে।
ওই তথ্যে নিয়ে শুনানির এক পর্যায়েই আইনজীবীদের তলবের এই আদেশ দেয়া হয়।
ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ভুঁইয়ার করা একটি রিট আবেদনে এই শুনানি চলছে। ওই আবেদনে গত ৮ জুন একটি রুল দেয় হাই কোর্ট। পরে ১৬ জুলাই পরবর্তী শুনানিতে জামিনের ক্ষেত্রে সাংঘর্ষিক তথ্য পায় হাই কোর্ট।
আদালতে বাদীপক্ষের দেয়া তথ্যে দেখা যায়, চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনালে ২০০০ সালের ১৬ আগস্ট একটি অস্ত্র মামলায় দুটি ধারায় ১০ বছর ও সাত বছরের কারাদণ্ড হয় নিজাম হাজারীর। সব মিলিয়ে তার ১০ বছর সাজা খাটার কথা।
ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে ২০০১ সালের ২ মে হাই কোর্ট তা খারিজ করে দেয়। ২০০২ সালের ২৭ এপ্রিল আপিল বিভাগেও তার আবেদন খারিজ হয়ে যায়। এরপর পুনর্বিবেচনার আবেদনও না-মঞ্জুর হয়।
অন্যদিকে চট্টগ্রাম কারাগারের একটি রেকর্ডের অনুলিপি যুক্ত করে দৈনিক প্রথম আলোর দাখিল করা একটি হলফনামায় দেখায় যায়, সাজা খাটার পর ২০০৫ সালের ১ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পান নিজাম হাজারী।
এই পরিস্থিতিতে উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ড নিয়ে তুমুল আলোচনার মধ্যেই রুল জারি করে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্যপদ নিয়ে প্রশ্ন তোলে হাই কোর্ট।
ফেনী সদর থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়া নিজাম হাজারীর বিরুদ্ধে অভিযোগ, রায়ের আগে পরে মিলিয়ে ১০ বছর পূরণ হওয়ার আগেই ২০০৫ সালের ১ ডিসেম্বর তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন এবং সে তথ্য তিনি নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় গোপন করেন।
আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। নিজাম হাজারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
