২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারীতে ফল ব্যবসায়ী হত্যায় তিন যুবক গ্রেপ্তার

এক ফল ব্যবসায়ীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর ওয়ারী থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 09:57 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

গ্রেপ্তাররা হলেন- মাসুদ খন্দকার জনি (২৮), ইমরান হোসেন রাজা (৩০) ও তারেক আহমেদ।

মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত পহেলা সেপ্টেম্বর ওয়ারী থানার পুলিশ ৯/২ নম্বর ভগবতি ব্যানার্জী রোডের এক বাসার আলমারি থেকে মন্টু নামে এক ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।

পুলিশের এই কর্মকর্তা জানান, মন্টু হত্যায় জড়িত থাকার অভিযোগে উত্তর যাত্রাবাড়িতে হিমেল হাসান ফরিদ নামে আরেক এক ফল ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে পুলিশ তার স্ত্রী শাহিনুর হাসান পান্নাকে আটক করেছিল।

তিনি বলেন, “পান্না পুলিশকে জানিয়েছেন, ফলের দাম সময়মতো পরিশোধ না করায় জনি, রাজাসহ অন্যরা মন্টুকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করে।”

“পান্নার দেয়া তথ্যের ভিত্তিতেই মন্টু হত্যায় জড়িত থাকায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।”

এ নিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান উপ-কমিশনার মাসুদুর।

অভিযুক্ত ফরিদ ও রহমান নামে আরেক ফল ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।