রংপুরের বস্তাবন্দি লাশটি কনস্টেবল আতিকের
রংপুরের মিঠাপুকুর উপজেলায় উদ্ধার বস্তাবন্দি লাশটি কনস্টেবল আতিকুর রহমানের বলে শনাক্ত করেছে তার পরিবার।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জায়গীরহাট-বালারহাট সড়কের এনায়েতপুর সেতুর নিচ থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে পুলিশ।
আতিকুর মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রহিয়া বনিনাথপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের দেহরক্ষী ছিলেন।
নিহতের চাচা আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাতে ছুটিতে আসে আতিকুর। মিঠাপুকুরের শঠিবাড়ি বাজারে বাস থেকে নেমে পরিচিত এক ভ্যানচালকের মাধ্যমে ব্যাগ বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর তার স্ত্রীকে মোবাইলে ফোন করে ব্যাগ পাঠিয়ে দেওয়ার কথা এবং বাড়িতে ফিরতে দেরি হবে বলে জানায়।
“রাত ১২টার পর থেকে আতিকের মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার সন্ধান মিলছিল না। দুপুরে আমি থানায় গিয়ে লাশ শনাক্ত করি।”
২০০৯ সালে পুলিশ কনস্টেবল পদে চাকরি হয় আতিকের জানান আব্দুল মান্নান।
মিঠাপুকুর থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের মামা আনোয়ারুল হক বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন।
