ঐশীর বাবা-মাকে হত্যার আলামত আদালতে
পুলিশের বিশেষ শাখার (পলিটিক্যাল) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় সুরতহাল ও জব্দতালিকা প্রস্তুতকারী পাঁচ পুলিশ সদস্য আদালতে সাক্ষ্য দিয়েছেন।
মঙ্গলবার এ মামলার সাক্ষ্য গ্রহণের সময় মাহফুজের বাড়ি থেকে জব্দ করা একটি ট্রাঙ্কসহ তিন বস্তা আলামত ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে উপস্থাপন করা হয়।
এসব আলামতের মধ্যে ছিল হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বটি, লুঙ্গি, বিছানার চাদর, ওই দম্পতির মেয়ে মামলার আসামি ঐশী রহমানের ব্যবহৃত পোশাক ও স্বর্ণালঙ্কার।
সাক্ষ্য দেন এসআই আবু তাহের, শহীদুল্লাহ প্রধান, এএসআই তবিবুর রহমান, কনস্টেবল শহিদুল্লাহ ও কনস্টেবল মাহবুব।
তারা আলামতগুলো দেখে সেগুলো শনাক্ত করেন বলে জানান এ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার। তিনি জানান, এ নিয়ে মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
পুলিশ সদস্যদের সাক্ষ্য ও জেরা শেষে আগামী ১১ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ঠিক করে দেন বিচারক।
গত বছরের ১৬ অগাস্ট রাজধানীর মালিবাগের বাসা থেকে মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন গৃহকর্মী খাদিজা আক্তার সুমীকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করে ঐশী।
খুনের দায় স্বীকার করে ঐশী গত বছরের ২৪ অগাস্ট আদালতে জবানবন্দি দিলেও ‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ওই স্বীকারোক্তি নেয়া হয়েছিল দাবি করে ৫ সেপ্টেম্বর তা প্রত্যাহারের আবেদন করা হয়।
গত ৯ মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের মাতুব্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ঐশীসহ চারজনের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দেন। ৬ মে ঐশীসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হয় বিচার।
গৃহকর্মী সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার মামলার বিচার চলছে শিশু আদালতে।
শিশু আদালতের বিচারক জাকিয়া পারভিন গত ২০ মে সুমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাকে জামিন দেন। গত ১ জুন গাজীপুরের কিশোর সংশোধন কেন্দ্র থেকে মা সালমা বেগমের জিম্মায় জামিনে মুক্তি পায় সুমি।
