২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কন্যাসন্তান জন্ম দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কন্যাসন্তান জন্ম দেওয়ার পর এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 07:10 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

মঙ্গলবার সকালে কামারদহ ইউনিয়ের বেতগাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত শাকিলা বেগম (২০) ওই গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে আল-আমিনের স্ত্রী এবং উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের মেয়ে।

নিহতের পরিবারের সদস্যদের বরাতে গোবিন্দগঞ্জ থানার ওসি এবি এম জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কন্যাসন্তান জম্ম দেওয়ার অপরাধে সোমবার সন্ধ্যায় শাকিলাকে বেধড়ক পেটায় আল-আমিন (৩০)।  গুরুতর আহত শাকিলাকে আঙ্গিনায় ফেলে রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যায় তার স্বামী।

পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে অঙ্গিনা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

ওসি জাহিদুল বলেন, এঘটনায় নিহতের ভাই জাহিদুল ইসলাম সাগর আল-আমিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। শিশুটি শাকিলার ভাইদের হেফাজতে আছে।

তিনি আরো জানান, দুবছর আগে আল-আমিনের সঙ্গে শাকিলার বিয়ে হয়। গত ৩০ অগাস্ট শাকিলা স্থানীয় একটি ক্লিনিকে কন্যাসন্তান জন্ম দেয়।