২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ রিকশা ছিনতাইকারীসহ আটক ৬

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে অভিযানের মধ্যে চট্টগ্রাম নগরীতে রিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িত চার যুবকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 06:53 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

আটকরা হলেন- সাদ্দাম, সজীব, রুবেল, লিটন, সজীবের স্ত্রী নুরুন্নাহার বেগম ও চোরাই মোবাইল ফোন বিক্রেতা হাবিবুর রশীদ।

পুলিশের দাবি, চক্রটি নগরীর পাথরঘাটা বান্ডেল রোড. টেরিবাজার কাটা পাহাড়, নন্দনকানন বৌদ্ধ মন্দির, বোস ব্রাদার্স, সিনেমাপ্যালেস এলাকায় ভোরের দিকে মূলত ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ে জড়িত।

কোতয়ালী থানার এসআই মো. কামরুজ্জামান জানান, সোমবার সকালে টেরিবাজার কাটা পাহাড় লেইনে একটি ব্যাটারিচালিত রিকশা আটক করে পুলিশ।

“এসময় রিকশায় থাকা সজীব, রুবেল ও লিটনের পায়ে অ্যাংলেট দেখে সন্দেহ হলে তল্লাশী করে তাদের কাছে চাকু পাওয়া যায়।” 

কামরুজ্জামান জানান, তাদের কাছে পাওয়া একটি মোবাইল ফোন থেকে কল করলে সেটি রোববার কাটা পাহাড় এলাকায় ছিনাতাইয়ের কবলে পড়া এক যুবকের বলে জানা যায়।

“পরে তাদের নিয়ে অভিযান চালিয়ে টেরিবাজার এলাকা থেকে দলনেতা সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকলিয়ার মিয়াখান নগর এলাকায় সজীবের বাসা থেকে তার স্ত্রী নুরুন্নাহার বেগম এবং বহদ্দারহাটে হাবিবুর রশীদকে চোরাই মোবাইল ফোনসহ আটক করা হয়।”