২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে অনুসরণীয় বাংলাদেশ’

নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ অনুসরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 04:17 PM

Updated : 25 Apr 2022, 04:40 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সভা এবং আঞ্চলিক কমিটির ৬৭তম বার্ষিক সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেছেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের জানান।

মঙ্গলবার সকালে হোটেল সোনারগাঁওয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শামীম চৌধুরী বলেন, “নারী ও শিশু স্বাস্থ্য নিশ্চিতে বাংলাদেশ অনুকরণীয় সাফল্য অর্জন করেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মন্তব্য করেছেন।”

নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারে বলেও মনে করেন মার্গারেট চ্যান।

আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা নিয়ে সতর্ক থাকতে এবং রোগটি প্রতিরোধে প্রস্তুতির আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনাকে ‘অগ্রগতির নেতা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “শেখ হাসিনাকে এই অঞ্চলের মানুষ চিরদিন স্মরণ রাখবে।”

এসময় বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা ও সমর্থনের কথা স্মরণ করেন শেখ হাসিনা।

স্বাস্থ্য খাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো একই ধরনের সমস্যার মুখোমুখি হয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের এই ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের খাদ্য নিরাপত্তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন খাদ্য পুষ্টি নিশ্চিত করতে হবে। 

সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর মেয়ে মনোস্তত্ত্ববিদ সায়মা হোসেন ওয়াজেদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি পুনম ক্ষেত্রপাল সিং উপস্থিত ছিলেন।