২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে চাঁদার দাবিতে বাড়িতে হামলা-ভাংচুর

লালমনিরহাটের সদর উপজেলায় ‘চাঁদা না পেয়ে’ দুটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 03:57 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

সোমবার রাতে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নীচপাড়া গ্রামে রাজেন্দ্র কুমার রায় ও তার ভাই রঞ্জিত কুমার রায়ের বাড়িতে এ হামলার ঘটনায় ছয়জন আহত হন।

এছাড়া স্থানীয়দের পিটুনিতে ‘চাঁদাবাজ চক্রের’ এক সদস্যও আহত হন বলে পুলিশ জানায়।

রাজেন্দ্রর পরিবারের অভিযোগ, নীচপাড়া গ্রামের গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান লুতু মোবাইলে ফোন করে তার কাছে একলাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ৭/৮ জনকে সঙ্গে নিয়ে রাজেন্দ্র ও তার ভাই রঞ্জিতের বাড়িতে ভাংচুর ও হামলা চালায় লুতু।

সদর থানার ওসি এএইচএম মাহফুজুর রহমান জানান, ওই পরিবারের চিৎকারে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে দুর্বৃত্তদের আটকের চেষ্টা করে। অন্যরা পালিয়ে গেলেও লুতুকে পিটুনি দেয় তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহতদের মধ্যে রাজেন্দ্রকে লালমনিরহাট সদর হাসপাতালে ও লুতুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

লালমনিরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার দীপঙ্কর রায় জানান, গুরুতর আহত লুতুকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে ওসি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মহেন্দ্রনগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই চক্রটি এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই করে থাকা। চাঁদা না দেয়ায় তারা হামলা চালায় এবং ভাংচুরের ঘটনা ঘটায়।”

মামলা না হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি আরো বলেন, “এ ব্যাপারে মামলা তো হওয়ার কথা, আমি খবর নিয়ে দেখছি।”