র্যাব সদস্যের বাসায় স্ত্রীর ঝুলন্ত লাশ
রাজধানীর চকবাজারের খাজেদেওয়ান লেনে এক র্যাব কর্মকর্তার বাসা থেকে তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ইতি বিশ্বাস (২২) র্যাব-১০ এ কর্মরত পুলিশের এসআই পার্থ বিশ্বাসের স্ত্রী।
মঙ্গলবার বেলা সোয়া ১২টার ইতিকে তার স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।
“ভবনের তৃতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে ইতি সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলেছিল। দ্রুত নামিয়ে তাকে হাসপাতালে আনেন পার্থ।”
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মো. শামীম হোসেন বলেন, পার্থ বিশ্বাস নামে এক এসআই র্যাবের লালবাগ ক্যাম্পে কর্মরত আছেন। তবে তার স্ত্রীর মৃত্যুর বিষয়ে কিছু জানা নেই।
চকবাজার থানার ওসি আজিজুল হক বলেন, “প্রকৃত ঘটনা জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। পরে বোঝা যাবে এটি আত্মহত্যা, না এর মাঝে অন্য কিছু লুকিয়ে রয়েছে।”
পার্থ বিশ্বাসের গ্রামের বাড়ি রাজশাহীর কেশবপুরে।
