ট্রাক উল্টে নিহত ২, উদ্ধারে গিয়ে মারা গেলেন আরেকজন
ফরিদপুরে মহাসড়কে একটি ট্রাক উল্টে দুজন নিহত হওয়ার পর তাদের উদ্ধারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আরেকজন।
সোমবার রাত ১১টার দিকে শহরতলীর পিয়ারপুর বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
এই দুর্ঘটনায় গরুবাহী ওই ট্রাকে থাকা ছয়টি গরুও মারা পড়ে বলে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নিহতরা হলেন-যশোরের ঠাণ্ডু শেখ (৩২), মুন্সীগঞ্জের শওকত ব্যাপারী (৩৫)। আর উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে মারা যান স্থানীয় পিয়ারপুর গ্রামের লিটু মাতুব্বর (৪০)।
দুর্ঘটনার পর উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলীও ঘটনাস্থলে যান। পুলিশ পৌঁছানোর আগে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে।
উপজেলা চেয়ারম্যান বাবর বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে আঘাত করলে সেটিও ভেঙে পড়ে। তখন উদ্ধার করতে গিয়ে পিয়ারপুর গ্রামের লিটু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।”
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, গরুবোঝাই ট্রাকটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। নিহতদের মধ্যে একজন ট্রাক চালক ও অন্যজন তার সহকারী।
ট্রাকটিতে থাকা আরো পাঁচজন এই দুর্ঘটনায় আহত হন। তাদের ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক অনাদি রঞ্জন জানান, আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
লাশগুলো ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
