২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী-প্রাইম ব্যাংকের ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা এবং প্রাইম ব্যাংকের পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 09:34 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ সোমবার রাজধানীর মতিঝিল থানায় এই মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- প্রাইম ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মহিউদ্দিন আহমেদ, সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. জাফর হাসান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. ফেরদৌস আজাদ দিপু, এক্সিকিউটিভ অফিসার এইচ এম কামরুজ্জামান সুমন, সেলস এক্সিকিউটিভ মির্জা কামরুল হাসান এবং সোনালী ব্যাংকের লোকাল শাখার সিনিয়র অফিসার আনিসুর রহমান সরকার ও অফিসার লিয়াকত আলী চৌধুরী।

মতিঝিল থানার এএসআই জিতেন দাস বলেন, “আসামিরা নিজেদের মধ্যে যোগসাজশে ভুয়া হিসাব খুলে চেক জালিয়াতির মাধ্যমে এক কোটি টাকা আত্মসাত্ করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।”

অভিযোগের বিবরণে দেখা যায়, সোনালী ব্যাংকের কর্মকর্তারা বেলহাসা একম অ্যান্ড অ্যাসোসিয়েটসের নামে একটি ভুয়া চেক ইস্যু করে প্রাইম ব্যাংকের মতিঝিল শাখায় পাঠায়।

প্রাইম ব্যাংকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা কামাল হোসেন নামে এক ব্যক্তির নামে ভুয়া হিসাব খুলে সেই চেক জমা করেন।

পরে সেখান থেকে টাকা তুলে তারা ভাগাভাগি করে নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।