২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত হলো সংসদের ‘ঔষধি বাগান’

জাতীয় সংসদ ভবন চত্বরে ঔষধি গাছের বাগান সবার জন্য উন্মুক্ত করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 09:15 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

সোমবার সংসদ ভবন এলাকার পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের টেনিস মাঠের উল্টো দিকে এই বাগানে একটি চন্দন গাছের চারা রোপণ করেন তিনি।

এতোদিন ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। এখন মনিপুরি পাড়ার দিকের ফটক দিয়ে ঢুকে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে পাস নিয়ে দর্শনার্থীরা এই বাগানে প্রবেশ করতে পারবেন।  

ঔষধি গাছের এই বাগানে ৬৭ জাতের গাছ রয়েছে। সোমবার আরো ১০টি গাছের চারা লাগানো হয়। এগুলোর মধ্যে রয়েছে জারুল, আমলকি, নিম, পাহাড়ি গোলাপ, অশোক, তেজপাতা ও হরিতকি।  

শিরীন শারমিন বলেন, “এ উদ্যোগকে আরো সম্প্রসারিত করতে হবে। পরিবেশ রক্ষা এখন একটি বহুল আলোচিত বিষয়। ছাত্র-ছাত্রীসহ সবাইর জন্য পরিবেশকে জানার সুযোগ করে দিতে হবে।”

স্পিকার বলেন, “সবাইকে ঔষধি বৃক্ষের সাথে পরিচিত হওয়ার এবং এসব বৃক্ষের গুণাগুণ সম্পর্কে জানার সুযোগ করে দিতে হবে। পাশাপাশি সামাজিক বনায়ন সম্পর্কেও সবাইকে আগ্রহী করে তুলতে হবে।”

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, “সংসদ ভবন এলাকার ইউক্যালিপটাস গাছগুলো আসলে কোনো কাজে আসে না। বরং এগুলো অন্য গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে।”

এসব গাছ কাটতে তিনি স্পিকারের ‘হস্তক্ষেপ’ কামনা করেন।

সংসদ সচিব আশরাফুল মকবুলের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান হুইপ আ স ম ফিরোজ ও অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন।