হিমু হত্যামামলায় আরেকজনের সাক্ষ্যগ্রহণ
চট্টগ্রামের আলোচিত হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরেক সাক্ষী।
সোমবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমদের আদালতে সাক্ষ্য দেন রায়হান রহমান। এ পর্যন্ত সাতজন এ মামলায় সাক্ষ্য দিলেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের আইনজীবী আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়হানের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এক আসামির আইনজীবী তাকে জেরা করেছেন। মঙ্গলবার আবার শুনানির দিন ধার্য করেছে আদালত।
সাক্ষী রায়হান আসামি শাহ সেলিম টিপুর মালিকানাধীন ভবনের পাশের একটি নির্মাণাধীন ভবনের বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের নিয়োগ দেয়া সুপারভাইজার।
২০১২ সালের ২৭ এপ্রিল বন্দর নগরীর পাঁচলাইশ থানা এলাকায় শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় হিমুকে। আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসা নেয়ার পর ২৩ মে তার মৃত্যু হয়।
মামলা হওয়ার এক মাস পর শাহাদাত হোসেন সাজু এবং ২০১২ সালেই শাহ সেলিম টিপু ও জুনায়েদ আহমেদ রিয়াদ আদালতে আত্মসমর্পণ করেন। পরে তিনজনই জামিন পান।
অভিযোগ গঠনের শুনানি চারবার পিছিয়ে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয়ার প্রায় দেড় বছর পর পাঁচ আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন করা হয়।
অভিযুক্ত পাঁচ আসামি হলেন- জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
গত ২১ জুলাই মামলাটির এক আসামির আবেদনের প্রেক্ষিতে মামলায় ছয় মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
ওই স্থগিতাদেশের অনুলিপি ৪ অগাস্ট চট্টগ্রাম আদালতে পৌঁছালে মামলাটির বিচার কাজ থেমে যায়।
এরপর ৭ অগাস্ট ছয় মাসের স্থগিতাদেশ প্রত্যাহার করে উচ্চ আদালতের একই বেঞ্চ।
ওই আদেশের অনুলিপি ১৮ অগাস্ট চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালতে এসে পৌঁছায়। এরপর ২৭ অগাস্ট আবার মামলাটির শুনানি শুরু হয়।
