২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা প্রত্যাহারের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন

মামলা প্রত্যাহার ও ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে সাভারের আশুলিয়ায় মানববন্ধন করেছে কয়েকটি শ্রমিক সংগঠন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 07:23 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

সোমবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে ডিজাইনার জিন্স লিমিটেড শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের আশুলিয়া অঞ্চলের সভাপতি মো. ইব্রাহিম, ঢাকা জেলা সভাপতি শহিদুল ইসলাম, স্বাধীন বাংলা গামের্ন্টস ফেডারেশনের সভাপতি আল কামরানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রমিক নেতারা বলেন, বেরন এলাকার ডিজাইনার জিন্স কারখানায় শ্রমিক ইউনিয়ন চালু করলে কারখানা কর্তৃপক্ষ পর্যায়ক্রমে ২১০ জন শ্রমিককে ছাঁটাই এবং শ্রমিক নেতাসহ ২৭৩ জনের বিরুদ্ধে কারখানা কর্তৃপক্ষ দুটি মিথ্যা মামলা দায়ের করে।

শ্রমিকরা অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালসহ ডিজাইনার জিন্স লিমিটেড ট্রেড ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও উপদেষ্টা জাহাঙ্গীর আলমের মুক্তির দাবি জানায়। আর তা না হলে আশুলিয়ার সব শ্রমিকদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেয় তারা।

শ্রমিক ছাঁটাইয়ের কারণে আন্দোলনের মুখে গত ২৭ অগাস্ট ‘ডিজাইনার জিন্স লিমিটেড’ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে ৩ সেপ্টেম্বর কারখানাটি আবার খুলে দেয়।

এর আগে ২৯ অগাস্ট কারখানায় ভাংচুরের অভিযোগে এবং ১ সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে আশুলিয়া থানায়  দুটি মামলা করে কারখানা কর্তৃপক্ষ।

এ মামলায় ডিজাইনার জিন্স লিমিটেড এর ট্রেড ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. কাইয়ুম ও উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে কাইয়ুম রোববার জামিনে বেরিয়ে আসে বলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন আশুলিয়া অঞ্চলের সভাপতি মো. ইব্রাহিম জানিয়েছেন।