ছিনতাই ঠেকাতে শিক্ষক-কর্মচারীরা কারমাইকেল পাহারায়
স্থায়ী পুলিশ ক্যাম্প না পেয়ে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ছিনতাই প্রতিরোধে পালা করে পাহারা দেওয়া শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা।
কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে ছিনতাইকারীদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছেন তারা। শুধু রাতে নয় প্রকাশ্যে দিবালোকেও ছিনতাইয়ের শিকার হচ্ছেন তারা। সম্প্রতি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাহেদুজ্জামানকে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আবু তালেব মণ্ডল ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শাহজাহান নাসিরের মোটরসাইকেল ক্যাম্পাস থেকে চুরি হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনতে হোসাইন নাসরিন বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাপত্তার জন্য ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য জেলা পুলিশ সুপারের কাছে একাধিকবার আবেদন করেও সাড়া মেলেনি। আর টহল পুলিশের উপর ভরসা পাই না।
“তাই কলেজের শিক্ষক, কর্মচারীও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক শিক্ষক-কর্মচারীদের নিয়ে ভিজেলেন্স টিম গঠন করা হয়েছে। এই টিমের সদস্যরা শনিবার থেকে পাহারা শুরু করেছেন। তারা প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা সোয়া ২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত পালা করে ক্যাম্পাস পাহারা দিচ্ছেন।”
পাহারার সময় শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে বলে জানান নাসরিন বানু।
কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুজন শাহ্ ই ফজলুল বলেন, “ছিনতাইয়ের ঘটনা বেশি হয় কলেজ অডিটরিয়ামের পাশে, বাংলা মঞ্চ, পুকুরপাড়, হোয়াইট হাউস ও কলেজ মসজিদ এলাকায়।
“বিকেল ৩টার পর থেকে ছিনতাই শুরু হয়, চলে রাত ৯-১০টা পর্যন্ত। ছিনতাইকারীর হাতে আমরা জিম্মি হয়ে পড়েছি। ছাত্রলীগ নামধারীরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে শুনেছি।”
ওই শিক্ষক নেতার অভিযোগ, এবছরের জুন থেকে এ পর্যন্ত ১২৫টি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও মালামাল উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এবিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউর রহমান রাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছিনতাইয়ের অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ আহমেদকে ১৪ মে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এখন জাভেদের নেতৃত্বে একদল বহিরাগত দুর্বৃত্ত ক্যাম্পাসে ছিনতাই করছে, যাদের সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততা নেই।”
