সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী
বিএসএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ শিক্ষার্থীকে ২০১৩ সালের ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেয়া হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এই কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন।
প্রয়াত সিতারা পারভীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, “তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক। শিক্ষা ক্ষেত্রে তিনি যে অবদান রেখে গেছেন জাতি তা কখনো ভুলবে না।”
সিতারা পারভীনের আদর্শ অনুসরণ করে আলোকিত সমাজ ও জাতি গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. মাহফুজুর রহমান, মো. আসাদুজ্জামান, আমিনা খাতুন, মো. জাকারিয়া খান, ফেরদৌসি আরা, নুসরাত শারমিন, মো. রাশেদুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. ফজলে রাব্বি হায়দার ও মো. ওয়াসেক উর রহমান।
অনুষ্ঠানে শুরুতে ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’ দেন বিভাগের শিক্ষক মফিজুর রহমান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের মেয়ে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী।
২০০৬ সাল থেকে সিতারা পারভীনের পরিবারের উদ্যোগে প্রতি বছর কৃতি শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হচ্ছে।
বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
