২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক আটকে শিক্ষার্থীদের অবস্থান

আইনজীবী হিসেবে নিবন্ধন পরীক্ষায় বসার সুযোগ না থাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 02:20 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

চন্দনাইশ থানার ওসি মো. বদিউজ্জামান জানান, সোমবার বেলা ১১টা থেকে চন্দনাইশ এলাকায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা প্রায় সোয়া এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এর আগে গত শনিবার নগরীর প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের নগর ক্যাম্পাসে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। ওই দিন আলোচনা শেষে ১০ দিনের সময় চেয়ে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে বিজিসি ট্রাস্টের নগর ক্যাম্পাসের শিক্ষার্থীরা আইনজীবী হিসেবে বার কাউন্সিলের নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ বিষয়ে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কোনো স্পষ্ট নির্দেশনা জানাতে ‍পারেনি।

ওসি মো. বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। পরে আমরা গিয়ে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিই। তারা এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে।”