অভিশংসন বিল এখনই পাস নয়: চার আইনজীবী
উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ ক্ষমতা আইনসভার কাছে ফিরিয়ে দিলে তা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করবে- এই যুক্তিতে এ সংক্রান্ত বিল এখনই এগিয়ে না নেয়ার আহ্বান জানিয়েছেন দেশের চার শীর্ষ আইনজীবী।
বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির দুই সদস্য ড. কামাল হোসেন ও ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম এবং সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
তারা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌলিক স্তম্ভ। সর্বোচ্চ আদালত অষ্টম সংশোধনীর যুগান্তকারী রায়ে বিচার বিভাগের স্বাধীনতাকে সংবিধানের মৌলিক কাঠামোর অংশ ঘোষণা করেছেন।
“উচ্চ আদালতকে বাইরের হস্তক্ষেপমুক্ত করতে বিচারকদের নিয়োগ পদ্ধতি ও যোগ্যতা নির্ধারণ করে আইন পাস করার একটা দাবি ধারবাহিকভাবে ছিল। সেটা না করে হঠাৎ বিচারকদের অপসারণ সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়েছে। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের ওপর সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রভাবও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
“একজন বিচারককে অপসারণের প্রশ্নে একজন সংসদ সদস্য নিরপেক্ষ থাকতে পারেন কি-না, এই প্রশ্নও উঠছে।”
রোববার বিচারপতিদের অপসারণের ক্ষমতা সাংসদদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।
উত্থাপনের পর ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ বিলটি যাচাই বাছাইয়ের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় এর ৯৬ অনুচ্ছেদের বলে উচ্চ আদালতের বিচারকদের পদের মেয়াদ নির্ধারণ ও তাদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল। ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর (বাকশাল গঠন) মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়।
চতুর্থ সংশোধনী বাতিল হলে জিয়াউর রহমানের সামরিক সরকারের আমলে এক সামরিক আদেশে বিচারপতিদের অভিশংসনের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়। এখন পর্যন্ত তা-ই বলবৎ রয়েছে।
রোববার সংসদে উত্থাপিত বিলে বর্তমান সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে বলা হয়েছে, “বিচারকদের পদের মেয়াদ-(১) এই অনুচ্ছেদের বিধানবলী সাপেক্ষে কোন বিচারক ৬৭ বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন।
“(২) প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত বিচারককে অপসারিত করা যাইবে না।”
“এই অনুচ্ছেদের (২) দফার অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোন বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করিবেন। (৪) কোন বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করিতে পারিবেন।”
বিবৃতিতে ওই আইনজীবীরা বলেন, “যেখানে সংখ্যাগরিষ্ঠতা দলীয় নিয়ন্ত্রণে থাকে, সেখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একজন বিচারককে সম্ভাব্য অভিশংসনের মুখোমুখি করা বিচার বিভাগের স্বাধীনতাকে বিপদাপন্ন করবে।”
এক্ষেত্রে জাতীয়ভাবে পরামর্শ নেয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, “জাতীয়ভাবে পরামর্শ না করে দ্রুততার সঙ্গে করা একটি সংশোধনীর ওপর সংবিধানের পবিত্রতা নির্ভরশীল হওয়া উচিত নয়।
“তাই বিচারকদের অপসারণ সংক্রান্ত বিলটি এগিয়ে না নেয়ার আহ্বান জানাচ্ছি। এর পরিবর্তে একটি পরামর্শ প্রক্রিয়া শুরু করা উচিত এবং যথাযথ পরামর্শের পরই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া উচিত।”
