২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিও সম্মেলনের জন্য প্রস্তুত ঢাকা

কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) ৫৪তম কাউন্সিল সভা ও বার্ষিক ফোরাম আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 08:56 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

কমনওয়েলথ দেশগুলোর মধ্যে টেলিযোগাযোগ সম্পর্কিত সর্বোচ্চ নীতি নির্ধারণী এ সভা শুরু হবে সোমবার সকালে, চলবে বুধবার পর্যন্ত।

সিটিওর বার্ষিক ফোরামের আয়োজক কমিটির মিডিয়া উপকমিটির আহ্বায়ক বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী, সচিব, রেগুলেটর প্রধান, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩০০ প্রতিনিধি কাউন্সিলে অংশ নেবেন।

বাংলাদেশ থেকে এ সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে পাঁচটি প্রতিষ্ঠান।

এর মধ্যে বেইস টেকনোলোজিস এ আয়োজনের ‘ল্যানিয়ার্ড স্পন্সর’, রবি আজিয়াটা লিমিটেড, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড ‘লাঞ্চ স্পন্সর’ এবং ‘ডিনার স্পন্সর’ হিসাবে রয়েছে সিটিসেল (প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই সম্মেলনের মিডিয়া পার্টনার।

সরওয়ার আলম বলেন, “এ আয়োজনের বিষয়বস্তু হবে মূলত তথ্যপ্রযুক্তি বিষয়ক জ্ঞান বিনিময়। তবে টেকসই উন্নয়ন, মোবাইল প্রযুক্তি, থ্রিজি, মোবাইল ই-কমার্স, আউটসোর্সিং, ভ্যালু অ্যাডেড সার্ভিস, ডেটা বিপ্লব ও বিগ ডেটার মতো বিষয় নিয়ে সেমিনারও হবে।”

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা, অপারেটরসহ এ খাতের অংশীদারদের জন্য সিটিওর ফোরাম একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

সচিব জানান, এই ফোরামে মোবাইল ব্রডব্যান্ড নীতিমালা, সাইবার নিরাপত্তা ও অপরাধদমন, নেক্সট জেনারেশন নেটওয়ার্ক, কনটেন্ট ও এপ্লিকেশন ডেভেলপমেন্ট, ক্লাইমেট চেইঞ্জ, আইপি টেকনোলজি, স্যাটেলাইট ব্রডব্যান্ড, টেলিকম রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, শিক্ষা-যুবসমাজ ও আইসিটির ব্যবহার এবং পরিবেশবান্ধব প্রযুক্তিসহ টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয়- ‘আইসিটিস ফর ডেভেলপমেন্ট- ফ্রম এক্সেস টু ইনক্লুসিভ অ্যান্ড ইনোভেটিভ সার্ভিস।’

সিটিও কাউন্সিল মিটিং মূলত সিটিওর সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা। প্রতিবছর একবার কমনওয়েলথভুক্ত একটি দেশে এই সভা হয়।

টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের গুরুত্ব নির্ধারণ, ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন ও সংগঠনের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সদস্য দেশগুলোর বিভিন্ন প্রকল্পের আর্থিক ও কৌশলগত পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং চূড়ান্ত সুপারিশ উপস্থাপন করা হয় এই সভায়। 

সিটিওর সদর দপ্তর লন্ডনে। গত বছর নাইজেরিয়ায় এ ফোরামের বার্ষিক সভা হয়।