২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতন: ২৪ ঘণ্টার মধ্যে মামলা নেয়ার নির্দেশ

একুশে টেলিভিশনের সাংবাদিক অখিল পোদ্দারকে নির্যাতনের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে মামলা নথিভুক্ত করতে কুষ্টিয়ার কুমারখালী থানার ওসিকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 06:29 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

অখিল পোদ্দারের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এই আদেশ দেয়।

একইসঙ্গে দুইজন কর্মকর্তাকে দিয়ে অভিযোগের তদন্ত করে আগামী ২১ অক্টোবর আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে আদালত।

সাংবাদিক নির্যাতনের ঘটনায় মামলা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দায়ীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, কুষ্টিয়ার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, কুমারখালী থানার ওসি এবং এএসআই আবুল কালাম আজাদকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, দুইজন কর্মকর্তাকে দিয়ে ঘটনা তদন্ত করে ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি পৃথক তদন্ত করে ওসিকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন রাখা হয়েছে বলেও জানান তিনি।

একুশে টিভির সাংবাদিক অখিল পোদ্দারের অভিযোগ, গত ২৬ অগাস্ট রাতে তাকে পিটিয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাটিকামারা রেলগেইট এলাকা থেকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

সাংবাদিকদের প্রতিবাদের মুখে ওইদিন কুমারখালী থানার ওসি লুৎফর রহমান এবং কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক ওই ঘটনার বিচারের আশ্বাস দিলেও থানা পরে মামলা নিতে অস্বীকার করে।

এ কারণে গত রোববার হাই কোর্টে এই রিট আবেদন করেন অখিল পোদ্দার।

পুরনো খবর:

একুশে টিভি সাংবাদিককে পুলিশের মারধর