২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারুকলায় শিনজো আবের ২০ মিনিট

মাত্র ২২ ঘণ্টার সফর, এরই মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সাক্ষাৎ।  তারপরও ঢাকা ছাড়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ঢু দিয়ে গেলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 03:45 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

রোববার সকাল সাড়ে ৯টায় শিনজো আবে সস্ত্রীক বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর লাল গালিচায় হেঁটে চারুকলা অনুষদে প্রবেশ করেন। তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

জাপানি প্রধানমন্ত্রী চারুকলার দুটি গ্যালারিতে প্রদর্শিত বিভিন্ন শিল্পকর্ম ঘুরে দেখেন। এরমধ্যে একটিতে ছিল জাপানের বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিল্পীদের চিত্রকর্ম; অন্যটিতে চারুকলার জ্যেষ্ঠ শিক্ষার্থীদের শিল্পকর্ম।

এসব শিল্পকর্মে বাংলাদেশের বিভিন্ন লোকজ ঐতিহ্য তুলে ধরা হয় বলে জানান উপাচার্য আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে নয়, শিল্প-সংস্কৃতিতে আগ্রহ থেকেই চারুকলা অনুষদে জাপানি প্রধানমন্ত্রীর এই আগমন।

“জাপানের প্রধানমন্ত্রী শিল্পকলা অনেক পছন্দ করেন। তার বিশেষ আগ্রহের কারণেই এই পরিদর্শনের আয়োজন করা হয়েছে।”

মাত্র ২০ মিনিটের এই পরিদর্শনের এক ফাঁকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাপানের প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ক্রেস্ট এবং চারুকলা অনুষদের পক্ষ থেকে একটি চিত্রকর্ম উপহার দেয়া হয়।

অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য সহিদ আখতার হুসাইন (প্রশাসন) ও নাসরিন আহমেদ (শিক্ষা), কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আবুল বারক আলভী এ সময় উপস্থিত ছিলেন।

সকাল ৯টা ৫০ মিনিটে চারুকলা অনুষদ ত্যাগ করে সাড়ে ১০টায় কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আবে।