ইয়াবা পাচারকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ বিজিবি গুলিবিদ্ধ
কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
এ সময় ৯৬ হাজার ইয়াবা বড়িসহ গুলিবিদ্ধ একজনকে আটক করা হয়েছে।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, রোববার সকাল ৭টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে টেকনাফের নাফ নদীর আড়াই নম্বর স্লুইস গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ টেকনাফ সদর বিওপির সিপাহী হাবিবুর রহমান ও হাবিলদার লুৎফুরকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ইয়াবা পাচারকারী রিয়াজুল হককে (২০) কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি মিয়ানমারের মংডুর কায়ুকখালী পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে।
বিজিবি কর্মকর্তা জাহিদ বলেন, “ইয়াবা পাচারের খবর পেয়ে বিজিবি সদস্যরা টেকনাফের নাফ নদীর আড়াই নম্বর স্লুইস গেইট এলাকায় যায়। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পরে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।
“এতে দুই বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে ইয়াবা পাচারকারীদের কয়েকজন পালিয়ে গেলেও ৯৬ হাজার ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় রিয়াজুলকে আটক করা হয়।”
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে রিয়াজুল জানিয়েছে, ইয়াবাগুলো টেকনাফের মৌলভীপাড়ার নুরুল ইসলামের ছেলে মো. গফুরের জন্য মিয়ানমার থেকে আনা হয়েছিল।”
এ ব্যাপারে রিয়াজুল হক ও মো. গফুরের নামে টেকনাফ থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
এছাড়া সকালে টেকনাফ থেকে দুই হাজার ৬০০ ইয়াবা বড়িসহ একজনকে বিজিবি এবং কক্সবাজারে তিন হাজার ৬০০ ইয়াবাসহ ১১ জনকে পুলিশ আটক করেছে।
