সরকারের আনুকূল্যে স্কুল দখল চলছে: মকসুদ
রাজধানীর চম্পা-পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুল দখলের পেছনে সরকারের সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছেন কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ।
শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয় দখল বন্ধ করা এবং চম্পা-পারুলসহ সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আবার চালু করার দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি।
আমার অধিকার ফাউন্ডেশন, নাগরিক সংহতি এবং চম্পা-পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কর্মসূচির আয়োজন করে।
আবুল মকসুদ বলেন, দেশে এখন দখলদারিত্বের সংস্কৃতি চলছে। মাঠ-ঘাট-নদীর পর ভূমি দস্যূদের নজর এখন স্কুলে এসে ঠেকেছে। শুধু বেসরকারি নয়, সরকারি বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীদের উচ্ছেদ করার ষড়যন্ত্র চলছে।
এই ‘ষড়যন্ত্র’ ঠেকাতে ভূমিদস্যুদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
“সরকারি আনুকূল্য ছাড়া কেউ কোনো দিন স্কুল দখল করতে পারে না। শুধু রাজধানীতেই ২৮টির মতো সরকারি প্র্রাথমিক বিদ্যালয় দখল করা হয়েছে।
এখনই প্রতিহত না করা গেলে সারা দেশেই এই ভূমিদস্যুদের দখলদারিত্ব ছড়িয়ে পড়বে।”
‘স্কুল-কলেজ দখল সংবিধান এবং স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন’ উল্লেখ করে তিনি বলেন, “একটি বেসরকারি বিদ্যালয়ও পরবর্তী স্থান ঠিক না হওয়া পর্যন্ত স্থানান্তর করা হয় না। অথচ সরকারি বিদ্যালয়গুলোকে সরাসরি উচ্ছেদ হতে হচ্ছে। এটা শিশুদের ওপর অত্যাচার।”
সাংবাদিক আবু সাঈদ খান শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, “আপনি কি ঘুমাচ্ছেন? নাকি ঘুমের ওষুধ খেয়ে টালমাটাল হয়ে আছেন? আপনি আলোর পক্ষে নাকি অন্ধকারের পক্ষে? যদি আলোর পক্ষে হয়ে থাকেন তাহলে কোমলমতি শিশুদের অন্ধকারে রেখেছেন কেন?”
কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, “সরকারি স্কুল-কলেজ দখল করতে ভূমিদস্যুরা সরকারের আইনকেই ব্যবহার করছে। শিক্ষা এখন পণ্যে পরিণত হয়েছে। গরিবের স্কুলই কেবল দখল হয়, বড়লোকের নয়।”
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাস্কর রাসা, রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলামসহ চম্পা-পারুল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
