২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাল বেদখল, মাছের জলাশয়ে বাড়িঘর

ফরিদপুর শহরের পানি নিষ্কাশনের মূল প্রবাহ ফরিদপুর খাল চলে গেছে প্রভাবশালীদের কবলে।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 09:23 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

এছাড়া শহরের গোয়ালচামট এলাকার প্রায় আধা একর জলাশয় মাছ চাষের নামে ইজারা নিয়ে নির্মাণ করা হয় ঘরবাড়িসহ নানা স্থাপনা।

অন্যদিকে সদরের শিল্পাঞ্চল কানাইপুর এলাকার বাঁশতলা খাল এখন মৃত প্রায়। ভরাট করে কুমার নদ ও বাঁশতলা খালের সংযোগ মুখের পুরোটাই বেদখল করেছে প্রভাবশালীরা।

ফরিদপুর খাল বেদখল

কুমার নদের দুপাড়ে গড়ে উঠেছে ফরিদপুর শহরের আলীপুর অংশ। এ অংশের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ফরিদপুর খাল। একদা পদ্মার সঙ্গে সংযুক্ত এ খালটি আলীপুর মোড়ে গিয়ে মিশেছে কুমার নদে।

কালক্রমে এটি শহরের একটি বড় অংশের বর্জ্য ও নিম্নাঞ্চলের জমে থাকা পানি নিষ্কাশনের নালায় পরিণত হয়, যে পানি গিয়ে পড়ে কুমারে।

এ খালের দুপাড়ের বাসিন্দারা প্রায় সবাই যে যার মতো দখল করতে শুরু করে। ওয়ান ইলেভেনের সময় শহরের লক্ক্ষ্মীপুর ও আলীপুর এলাকার পানি ও বর্জ্য কুমার নদে যাওয়ার এ প্রবাহকে দলখমুক্ত করা হয়েছিল।

বর্তমানে আবার কাঠ-বাঁশের খুঁটির উপর দোকান ও বাসাবাড়ি নির্মাণ এবাং পাকা পিলার করে ইমারত নির্মাণের পাশাপাশি খালটি পুরো আটকে দিয়ে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে।

এ ব্যাপারে ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুত্বপূর্ন এই খালটি শহরের এই অংশের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। মুজিব সড়কের নিচ দিয়ে রিং বসিয়ে এইটিকে কুমার নদের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এই পানি প্রবাহে বাধা সৃষ্টিকারি যেকোনো স্থাপনাই জনস্বার্থ বিরোধী।

তাছাড়া খালের মালিক পৌরসভা, এখানে যারা স্থাপনা বসিয়েছেন তারা বেআইনি কাজ করেছেন।

খালটির পাড় ঘেঁষে নির্মিত ইটের রাস্তাটি অচিরেই পাকা করা হবে। তখন সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেওয়া হবে।

খালজুড়ে বহুতল ভবন সম্পর্কে মেয়র বলেন, কয়েকটি স্থাপনা নিয়ে আদালতে মামলা রয়েছে, তার নিষ্পত্তি না হওয়া পর্যন্তু পৌরসভা ব্যবস্থা নিতে পারছে না।

জলাশয় দখল করে বাড়ি নির্মাণ

শহরের গোয়ালচামট অংশের পিটিআই এবং পাউবোর মধ্যেবর্তী ৪৯ শতাংশ জলাশয়টির অবস্থাও ফরিদপুর খালের মতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে জানা যায়, মৎস্যজীবী হিসেবে শহরের ওয়ারলেস পাড়ার হাসিবুল হাসান লিপন ও মিজানুর রহমান নামের দুই ব্যক্তি ২০১২ সালের মাঝামাঝি সময়ে জলাশয়টি মৎস্য চাষের জন্য এক বছরের ইজারা নেন।

পরবর্তীতে তারা জলাশয়টির ২৪ শতাংশ অপর ৬ জন স্থানীয় ব্যক্তির কাছে মোটা অংকের টাকার বিনিময়ে ইজারা হস্তান্তর করেন।

১০৩ নং গোয়ালচামট মৌজার এসএ খতিয়ানের ৪০৭০ দাগের এই জমি বর্তমানে ৪ শতাংশ আমিনুল হক, ৫ শতাংশ রুপজান, ৩ শতাংশ সমীর সাহা, ৩ শতাংশ সমীর চক্রবর্তী, ৫ শতাংশ সানজিদা আক্তার এবং ৪ শতাংশ মাকসুদা বেগমের দখলে রয়েছে।

তারা জানান, জমি তারা লিপন ও মিজানের কাছ থেকে বুঝে নিয়েছেন।

কিন্তু সরেজমিনে দেখা যায়, মাছ চাষের জন্য ইজারা নেওয়া এই জমিতে এখন জলাশয়ের চিহৃও নেই। মাটি ভরাট করে ঘরবাড়ি তোলা হয়েছে সেখানে।

জলাশয়টির অপর প্রান্তে শহরের প্রধান সড়ক সংলগ্ন অংশে আরসিসি পিলারের উপর পাকা স্থাপনা নির্মাণাধীন।

অনুসন্ধানে দেখা যায়, একই মৌজার এসএ খতিয়ানের ৪০৬৯ নং দাগের এই জমির একটি অংশ ইজারা নিয়েছেন প্রভাবশালী একজন সাবেক পুলিশ কর্মকর্তা। সবাই তাকে টিএসআই জাহাঙ্গীর নামে চেনেন।

দাগের বাকি অংশের ৮ শতাংশ জলাশয় ক্ষমতাশীন দলের স্থানীয় এক নেতার ছত্রছায়া রয়েছে। ওই জমিটি প্রথমে ইজারা নেন পাউবোর একজন সাবেক প্রকৌশলী ফজলুল হক। তার বাড়ি মাদারিপুর হওয়ায় স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে লড়াইয়ে টিকতে পারেননি তিনি।

বর্তমানে ওই ৮ শতাংশ জমি সন্তোষ কুমার মজুমদার, সুকুমার দত্ত ও শিব শংকর দে নামের তিন ব্যক্তির নামে ইজারা দেখানো হলেও তারা জমির দখলে নেই, আছে কাগজে।

মৎস্য চাষের নাম করে জলাশয় ইজার গ্রহীতা হাসিবুল হাসান লিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মাছ চাষ করে লোকসান দেই। পরবর্তীতে লিজ (ইজারা) নিতে আগ্রহী স্থানীয় ব্যক্তিদের কাছে আমাদের লিজ সরকারি নিয়ম মেনে হস্তান্তর করি।”

মোটা অংকের টাকার বিনিময়ে ইজারা বিক্রির অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

পুলিশের সাবেক টিএসআই জাহাঙ্গীর হোসেন জানান, শহরে তার নিজের কোনো জমি নেই। তাই জেলা প্রশাসনের কাছ থেকে ৮ শতাংশ জমি লিজ নিয়েছিলেন তিনি। পরবর্তীতে নিজের জন্য ২ শতাংশ রেখে বাকিটুকু অন্য দুই ব্যক্তিকে হস্তান্তর করেন।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামান সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাছ চাষের নাম করে সরকারি জমি ইজারা নিয়ে কেউ যদি জলাশয় ভরাট করে বাড়ি কিংবা স্থাপনা নির্মাণ করে থাকে তা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি তদন্ত করে শিঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

এই ইজারাগুলো দেওয়ার সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে জানান তিনি।

কুমার নদ ও বাঁশতলা খালের সংযোগস্থল বেদখল

ফরিদপুর সদরের শিল্পাঞ্চল কানাইপুর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বাঁশতলা খাল এখন মৃত প্রায়। কুমার নদ থেকে খালের সংযোগ মুখ ভরাট করে বন্ধ করে দেয়া হয়েছে। ভরাট করা কুমার নদ ও বাঁশতলা খালের সংযোগ মুখের পুরোটাই এখন বেদখল।

অথচ উৎস মুখের সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালের সংযোগ মুখ চালু করে সেখানে একটি স্লুইসগেট নির্মাণের দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর।

অনুসন্ধানে জানা যায়, কৃষকদের কৃষি পণ্য সহজে পরিবহনের জন্য এবং তৎকালীন সময়ে নদীপথের যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর লক্ষ্যে কুমার নদের ভাটি কানাইপুর থেকে রসুলপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এ খাল কাটা হয়। স্থানীয়ভাবে এটি বাঁশতলা খাল নামে পরিচিত।

৮৮ সালের বন্যার সময় স্থানীয় কিছু লোক পানি আটকানোর কথা বলে খালের প্রবেশ মুখে বাঁধ দেয়। সেই বাঁধই হয়ে দঁড়িয়েছে এখন বাঁশতলা খালের মৃত্যুর কারণ।

বন্যা চলে গেলেও খালের সংযোগ মুখ আর খোলা হয়নি। বরং পরবর্তীতে সেই বাঁধকে আরো শক্তিশালী করে তার উপর তৈরি করা হয়েছে রাস্তা। বছরের পর বছর স্থানীয় প্রভাবশালী একটি মহল খালের সংযোগ মুখে ও এর আশপাশের জায়গা দখল করে নিয়েছে। আর পানির অবাধ প্রবাহ না থাকায় মরতে বসেছে এই খাল।

বর্ষা মৌসুমে হাঁটু বা কোমড় পানি থাকলেও শুষ্ক মৌসুমে খালে পানি থাকে না বললেই চলে। আর এতে ব্যহত হচ্ছে দুই ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় পাঁচ হাজার একর কৃষি জমির সেচ।

বর্ষা মৌসুমেও পাট জাগ দেয়ার মত যথেষ্ট পানি পাওয়া যাচ্ছে না। জানা গেছে, খালের পানিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত প্রায় ১শ পরিবার। খালে পানি নেই, নেই মাছও। তাই এখানকার জেলেদের অনেকেই চলে গেছেন অন্য পেশায়।

স্থানীয় কৃষক পলাশ জানান, “এই খাল দিয়ে পদ্মার পানি এসে কৃষি জমিতে পলি পরত। তখন আমাদের জমিতে সার দেয়া লাগত না। সংযোগ মুখ বন্ধ থাকায় এই সুবিধা পাচ্ছি না।”

তাই এখানে একটি স্লুইস গেট নির্মাণ করলে পানিও পাওয়া যাবে, যাতায়াত ব্যবস্থাও হবে বলে তিনি মনে করেন।

স্থানীয় বেগম রোকেয়া কিশোলয় স্কুলের শিক্ষক জাহিদুল ইসলাম জানান, একটা সময়ে কৃষক পাট কেটে এই খালে জাগ দিতেন। আবার এই খাল দিয়ে নৌকায় করে বাজারে আনতেন। তাতে কৃষকের উৎপাদন খরচ অনেক কম হতো। আবার স্থানীয় ব্যবসায়ীরাও বিভিন্ন পণ্য নদীপথে পরিবহন করত।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সংযোগ মুখ এখন দুই গ্রামের মানুষের চলাচলের রাস্তা। তাদের এই রাস্তাটি দরকার আবার খালটি বাঁচিয়ে রাখাও জরুরি।

তাই এলকাবাসীর দাবি, শুধু খালের মুখ খুলে দিলেই হবে না, সাথে মানুষ চলাচলের বিকল্প ব্যবস্থাও করতে হবে।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় পাঁচ হাজার একর জমির কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য খালটি চালু করা অত্যান্ত জরুরি।

খালটি চালু হলে শুধু এই এলাকার কৃষকরা না, জেলে এবং ব্যবসায়ীরাও উপকৃত হবেন।

প্রভাবশালী একটি মহল দিন দিন খালটি দখল করে নিলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী গোলাম মোস্তফা খান বিষয়টি তাদের জানা ছিল না জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসী চাইলে খালের মুখ খুলে দেয়া হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা নেয়া হবে।