২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে ৭ খুন: আরেক র‌্যাব রিমান্ডে 

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার আরেক র‌্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 06:03 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

শনিবার বিকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাঈদুজ্জামান শরীফের আদালতে হাজির করে র‌্যাব-১১ এর এস আই পূর্ণেন্দু বালাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতের আবেদন জানানো হয়।

শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, শুক্রবার পূর্ণেন্দু বালাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাত খুনের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে রিমান্ডে নেয়া হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া জানান, কারাগারে আটক র‌্যাবের ল্যান্স নায়েক বিল্লাল হোসেন ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন।

পরে তাকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

৭ খুনের ঘটনায় র‌্যাব-১১ এর সাবেক তিন কর্মকর্তাসহ মোট ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর ঘটনার সাক্ষী হিসেবে র‌্যাবের ৯ সদস্যসহ ১২ জনের জবানবন্দি নেওয়া হয়েছে আদালতে।

গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ছয় জনের লাশ পাওয়া যায়। পরদিন পাওয়া যায় আরেকজনের লাশ।

ওই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল পৃথকভাবে ফতুল্লা মডেল থানায় দুটি মামলা দায়ের করেন।